পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জানকিপুর ঠাকুরপাড়া ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, শিক্ষক আজাদ হোসেনসহ অনেকে।
এ সময় ঈদগাহ মাঠ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন নিয়েও আলোচনা করেন আয়োজকরা।
আয়োজক কমিটি জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই ঈদগাহ মাঠ এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও নির্বিচারে বৃক্ষনিধনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এর বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও জনজীবনে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তারা প্রত্যেক নাগরিককে অন্তত পাঁচটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তুলতে হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুললেই একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।




