মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে সৌদি প্রবাসীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা, হামলা, অগ্নিসংযোগ, প্রাণনাশের হুমকি এবং হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাংগারীপাড়া গ্রামে সৌদি প্রবাসী আলতাব হোসেনের পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী অংশ নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী আলতাব হোসেনের মা কুলসুম বেগম, স্ত্রী শিল্পী বেগম এবং ভাই মো. আসাদুল্লাহ।
বক্তারা অভিযোগ করে বলেন, টাংগারীপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে নুরুল আমিন নটকা, তার ছেলে আবদুর রহিম, শহিদুল্লাহ ও নয়ন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২ জুন সন্ধ্যায় স্থানীয় নঈম মিয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে আলতাব হোসেনের ভাই হযরত আলীর পথরোধ করে তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা হযরত আলীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে মো. আসাদুল্লাহ বলেন, “প্রতিপক্ষরা শুধু হামলাই করেনি, বরং আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া আমাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে এবং পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে নুরুল আমিন নটকা, শহিদুল্লাহ, আবদুর রহিমসহ এ ঘটনার সঙ্গে জড়িত সকল ব্যক্তির দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।




