বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকারের গুরুত্ব তুলে ধরতে অ্যান্টি ম্যারেজ অর্গানাইজেশন জেলা শাখার উদ্যোগে একটি কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক এবং কোহিনুর এমদাদ এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপক জনাব এরশাদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আখতারুজ্জামান, মোহাম্মদ আজিজুর রহমান আকন্দ, বীথি বিশ্বাস, আবদুল বাসেত, ফুরকান আলী, মোশারফ হোসেন, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম ও রনি মিয়া।
কর্মশালায় বক্তারা বাল্যবিয়ের ভয়াবহ পরিণতি, আইনি দৃষ্টিকোণ ও শিশুদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, বাল্যবিয়ে শুধুমাত্র একটি ব্যক্তির ভবিষ্যৎই নষ্ট করে না, বরং পুরো পরিবার ও সমাজেও এর নেতিবাচক প্রভাব পড়ে। এ জন্য সমাজজুড়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যুক্তিনির্ভর উপস্থাপনায় শিক্ষার্থীরা বিষয়টির গুরুত্ব ফুটিয়ে তোলে এবং উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




