সাজ্জাদ হোসাইন শাহীন
জামালপুরে প্রবীণ সাংবাদিক ও স্থানীয় পল্লীকন্ঠ প্রতিদিনের প্রয়াত সম্পাদক নুরুল হক জঙ্গির মৃত্যুর সাড়ে ৮ মাস পর ময়নাতদন্তের জন্য মরদেশ উত্তোলন করেছে পিবিআই।
সোমবার বেলা ১২টার দিকে মেলান্দহ উপজেলার নাংলা এলাকা থেকে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আলমগীরের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।
জানা যায়, গত বছর ২১ ডিসেম্বর জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাংবাদিক নুরুল হক জঙ্গির। চলতি বছর ১৩ মার্চ পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে ২য় স্ত্রী সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৮৪।
আদালতের আদেশে পিবিআই নির্বাহী ম্যাজিষ্ট্যাটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে।
জামালপুর পিবিআই পরিদর্শক মোশাররফ হোসেন জানান,আদালতের আদেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
উল্লেখ্য, মামলায় আসামি করা হয়েছে নিহতের প্রথম স্ত্রী খাইরুন্নেছা কাজলী, জামাতা জুলহাস উদ্দিন, জিয়াউর রাফি, মেয়ে জেবুন্নেছা কাকলী, জিনাতুননেছা কণা এবং পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার অফিস স্টাফ দেলোয়ার হোসেনকে।
২০২৪ সালের ২১ ডিসেম্বর রাতে জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুই ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন সাংবাদিক নূরুল হক জঙ্গি (৭৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




