জামালপুর প্রতিনিধি||
জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৩ বোতল বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট ) রাতে উপজেলার সিমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- মো. পলাশ মিয়া (৪২), জাহিদুল ইসলাম (৩৮), মো. মিষ্টার আলী (৪৫), মো. শাহজাহান (৪৫), আব্দুল আয়েল (৪২), মো. সবুজ মিয়া (৩০) ও রমজান আলী (২৪)।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা (ডিবি) ২ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মনি সাধ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় বিদেশি মদ বিক্রির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ওই সাতজন মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮৩ বোতল বিদেশি মদ জব্দ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি (২) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, আটকদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।




