কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে আত্মগোপনে যাওয়ার ১৭ দিন পর স্বপন মোল্লা (৪৫) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মে) রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার একটি ক্যাম্পের পাশে মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার এস আই আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপন মোল্লা সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইন্চেরপাড়া গ্রামের জসিম উদ্দীন মোল্লার ছেলে। হঠাৎ গত ১০ মে আনুমানিক রাত ৯টার দিকে রাতের খাওয়া দাওয়া শেষে নিখোঁজ হন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ পৌর সভার মাধুর মোড় এলাকার বালুর মাঠ থেকে স্বপন মোল্লার একটি মোটরসাইকেল, শার্ট ও স্যান্ডেল উদ্ধার করে।
এ ঘটনায় স্বপন মোল্লার বাবা জসিম উদ্দিন মোল্লা বাদী হয়ে (১১ মে) সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারটির দাবি, আর্থিক বিরোধে তিনি আত্মগোপনে চলে যান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান (রাশেদ) জানান, ‘জিডির পর আমরা তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে তাকে উদ্ধার করি।’
তিনি আরও জানান, ‘স্বপন মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি নিজে থেকেই আত্মগোপনে যান।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




