Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

বাহিরে চাকচিক্য, সেবায় ঘাটতি

বাহিরে চাকচিক্য, সেবায় ঘাটতি

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

মা ও শিশুর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ২০১৬ সালের ৮ জানুয়ারি উদ্বোধনের পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে জনগণের কাঙ্ক্ষিত সেবা থেকে তারা বঞ্চিতই রয়ে গেছে।

Advertisement

পৌরসভার গাবেরগ্রামে তিনতলা বিশিষ্ট হাসপাতাল ভবন, আসবাবপত্র ও চিকিৎসক আবাসিক ব্যবস্থাসহ পরিপূর্ণ অবকাঠামো প্রস্তুত থাকলেও নেই প্রয়োজনীয় জনবল। বর্তমানে একজন ল্যাব টেকনোলজিস্ট এবং প্রেষণে আসা একজন পিয়ন কাম চৌকিদার দিয়ে সীমিত কার্যক্রম চলছে। ফলে গর্ভবতী নারী ও শিশুদের চিকিৎসা নিতে উপজেলা সদরে ছুটতে হচ্ছে, যা ভোগান্তির পাশাপাশি বাড়তি খরচ ও ঝুঁকিও তৈরি করছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, কেন্দ্রটিতে মোট ১৪টি পদের অনুমোদন রয়েছে, যার মধ্যে ১২টি পদ শূন্য। নেই মেডিকেল অফিসার, নার্স, ফার্মাসিস্ট, আয়া কিংবা ওষুধ সরবরাহকারীও। হাসপাতালের ওয়ার্ড ও অপারেশন থিয়েটার থাকলেও জনবল ও সরঞ্জামের অভাবে তা ব্যবহৃত হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, রোগী আছে, ভবন আছে, এমনকি চিকিৎসকদের থাকার ব্যবস্থাও আছে—তবে নেই চিকিৎসক, ওষুধ কিংবা ভর্তি ও অপারেশনের ব্যবস্থা। এর ফলে এ আধুনিক স্থাপনাটি বছরের পর বছর পড়ে আছে কার্যত অকেজো অবস্থায়।

সেবা নিতে আসা স্থানীয় নারী আকলিমা খাতুন বলেন, “হাসপাতাল আছে, কিন্তু কোনো ডাক্তার নাই, ওষুধ নাই। শুধু নামটাই আছে।”

আরেকজন সাথী আক্তার বলেন, “ডাক্তার থাকলে আমাদের বাইরে যাওয়া লাগতো না, খরচ কমত।”

স্থানীয় ষাটোর্ধ্ব নাজমা বেগমের ভাষায়, “এত বড় হাসপাতাল তাও কাজের না। গরিব মানুষ দূরে চিকিৎসা নিতে পারি না।”

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুস্মিতা দত্ত জানান, তিনি সপ্তাহে একদিন সেখানে সেবা দেন। একজন পরিবার কল্যাণ পরিদর্শিকাও তিনদিন আউটডোর সেবা দিয়ে থাকেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, জনবল সংকটে আংশিক কার্যক্রম চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগির জনবল নিয়োগ হলে কার্যক্রম পুরোদমে চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.