আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি:
মাদারগঞ্জে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি রয়েল ফ্রেন্ডশীপ হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতালটি পরিদর্শনে আসেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক। এ সময় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাতলামারী গ্রামের প্রবাসী বিপ্লবের স্ত্রী সাদিয়া আক্তার (২৬) সন্তান প্রসবের জন্য ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়ার তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের সময় তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে সাদিয়ার মৃত্যু হয়।
হাসপাতালের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাকে রেফার্ড করা হয়েছিল। তবে পথে মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, “তদন্তে আমরা হাসপাতালের সেবায় নানা অসঙ্গতি পেয়েছি। এখানে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নেই। সার্ভিস নিয়ে প্রশ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে আরও তদন্ত প্রয়োজন। আপাতত অপারেশন থিয়েটারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলো। ভবিষ্যতে খোলা বা বন্ধ রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”



