মুক্তকাল প্রতিবেদক||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী দেশবাসীকে বলেছেন, আপনারা একবারের জন্যে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার জন্যে দায়িত্ব দিন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত কল্যাণকর রাষ্ট্র উপহার দেবো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে গণসংযোগ শেষে সরদারপাড়া বাজারে এক পথসভায় বক্তৃতা কালে জনগণের প্রতি এ আহবান জানান।
ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ রাশেদুজ্জামান নূরের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে জামায়াত নেতা জেলা জামায়াতের অর্থ বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, দেওয়ানগঞ্জ উপজেলা সেক্রেটারি কাজী আতিকুর রহমান, হাজী ইসমাইল হোসাইন, জহুরুল ইসলাম, আবু বকর প্রমুখ বক্তৃতা করেন।
নাজমুল হক সাঈদী আরো বলেন গত ৫৪ বছর যাবৎ যারা দেশ পরিচালনা করেছেন তারা বাংলাদেশ ও জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন। আল্লাহর দুনিয়ায় মানুষকে আল্লাহর গোলাম বা দাস হিসেবে প্রতিষ্ঠিত করা এবং নিজেও আল্লাহর দাস হওয়ার মাধ্যমেই মানব সমাজের সকল সমস্যার সহজ সমাধান কয়া সম্ভব। বাংলাদেশের ৫৪ বছরেও দেশের মানুষ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি না পাওয়ার মুল কারণ ইসলামের পরিপূর্ণ অনুসরণ না করা।
২৪ এর জুলাই আন্দোলনের পর জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছে তা বাস্তবায়নের জন্যে নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন হতে হবে। শেখ হাসিনা সহ গণহত্যাকারী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে।
ফ্যাসিবাদী শাসন ঠেকাতে পি আর পদ্ধতিতে নির্বাচনের আইন সংশোধন করতে হবে, সর্বোপরি কালো টাকার দাপট কমিয়ে সকল দল ও নাগরিকদের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জামায়াত সব সময় নির্বাচনের জন্যে প্রস্তুত, কিন্তু জুলাইয়ের ছাত্রজনতার রক্ত, জীবন ও ত্যাগের মুল্য দিতে আগামী জাতীয় নির্বাচনের আগে এসব শর্ত পূরণ হতে হবে।




