Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

মডেল বকশীগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহজাহান শাওনের

মডেল বকশীগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহজাহান শাওনের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

“তারুণ্যের ভাবনা, আগামীর বকশীগঞ্জ” — এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মো. শাহজাহান শাওন।

Advertisement

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীসহ বকশীগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় শুরুতে প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে শ্রদ্ধাভরে স্মরণ করেন শাহজাহান শাওন।

তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা তার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বকশীগঞ্জের সব অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদগুলোতে যে দুর্নীতি চলছে তা প্রতিহত করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অথচ কিছু কুচক্রী মহল অবৈধভাবে বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করছে—আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”

শিক্ষা খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাব এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সরকারের আমলে বকশীগঞ্জে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমরা চাই বকশীগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। কৃষকদের ভাগ্যোন্নয়নে কৃষি নির্ভর শিল্প ও প্রণোদনা কার্যক্রম বাড়াতে হবে।”

এ সময় তিনি বিএনপি নেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের উদ্যোগে বকশীগঞ্জে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থানের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “আমাদের নেতা মিল্লাত ভাই বলেছেন, বকশীগঞ্জে নতুন নতুন মিল ও কারখানা স্থাপন করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

স্বাস্থ্যসেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বকশীগঞ্জে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও এখানে মানসম্মত চিকিৎসা পাওয়া যায় না। এ খাতে আধুনিকতার ছোঁয়া আনতে হবে। ভবিষ্যতে এখানে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে।”

আগামী নির্বাচন প্রসঙ্গে শাহজাহান শাওন বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এম. রশিদুজ্জামান মিল্লাত ভাইকে বিজয়ী করতে পারব। তিনি নির্বাচিত হলে মন্ত্রী হয়ে এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজাহান শাওন।

পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement