মো: বায়েজিদ: জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত অবস্থায় সুমন দাস নামের ওই মাঝির মরদেহের সন্ধান মিলেছে।
শনিবার (২৪ মে) উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার নৌ টার্মিনাল এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
জানা যায়, গত মঙ্গলবার (২০ মে ) যমুনা নদীর পাড় ভেঙে নিখোঁজ হন মাঝি সুমন দাস (২২) তখন থেকে ফায়ার সার্ভিস টিম ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান মিলেনি।
দেওয়ানগঞ্জ চুকাইবাড়ি ইউনিয়নের হলকারচর ফুটানি বাজার এলাকার সুরিন্দা মোহন দাসের ছেলে তিনি।
ঘটনার সময়, সুমন মাঝি নৌকা নিয়ে নদীতে যাত্রী পারাপার করছিলেন, এমন সময় ঝড় শুরু হয়। নৌকাটি পাড়ে সরানোর চেষ্টা করছিলেন, হঠাৎ নদীর পাড়ের মাটি ধসে নৌকার ওপর পড়ে যায়, তখন তিনি নদীতে তলিয়ে যান।
অন্যদিকে যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করতে সক্ষম হলেও সুমন মাঝিকে উদ্ধার করা যায়নি।
এদিকে নিখোঁজের পরদিন বুধবার, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান ও স্থানীয় সাংবাদিকরা সুমন মাঝির পরিবারের সঙ্গে দেখা করে নির্বাহী কর্মকর্তার নিজ তহবিল থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন। এবং উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিষয়টি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, যমুনা নদী থেকে সুমন দাসের ভাসমান অবস্থায় মরদেহের মিলেছে।




