সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি||
জামালপুরে মেলান্দহে ঢাকার কলাবাগান থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সাধু (৬৮) কে নাশকতা ও জুলাই আগস্ট আন্দোলনে হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে জামালপুর আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার (১৭ এপ্রিল) রাত ৩টার দিকে মেলান্দহ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নজরুল ইসলাম সাধু উপজেলার সাধুপুর এলাকার বাসিন্দা ও মৃত অহেজ উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা যায়, নজরুল ইসলাম সাধু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে হলেও ঢাকায় কলাবাগান এলাকায় বসবাস করার কারণে সেখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
তবে সাম্প্রতিক সময় তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে, যা রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম সাধুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং নাশকতার পরিকল্পনার গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও জানান, নজরুল ইসলাম সাধুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




