স্টাফ রিপোর্টার : জামালপুরের ইসলামপুর পৌরসভার পলবান্ধা ব্যাপারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সোহেল (৫০) ও রাজা (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জুনায়েদ হাসান ও সোহেল রানা।
৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা ব্যাপারিপাড়া এলাকায় সোহেলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ সোহেল ও রাজাকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল ও রাজা ইসলামপুর পৌরসভার পলবান্ধা ব্যাপারিপাড়া এলাকার বাসিন্দা। সোহেল ওই এলাকার হারজুল ব্যাপারির ছেলে এবং রাজা রশিদ ব্যাপারির ছেলে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌরসভার পলবান্ধা গ্রামের ব্যাপারিপাড়ায় সোহেলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের শয়নকক্ষে প্লাস্টিক ও বাদামি রঙের কসটেপ দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় রাখা ৪ কেজি গাঁজাসহ সোহেল ও রাজাকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে পাঠানো হবে। মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ইসলামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




