স্টাফ রিপোর্টার :
জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও খাল খনন অত্যন্ত কার্যকর উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি বলেন, “একটি গাছ একটি পরিবারের জন্য সম্পদ হতে পারে। বর্তমান সরকার বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
বৃহস্পতিবার সকালে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে উদ্বোধনী সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ইউসুফ আলী, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ নূরুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া ৩৫টি স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ঘুরে দেখেন।




