Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

মেলান্দহে পূর্ব শত্রুতার জেরে বেগুন ক্ষেত নষ্টের অভিযোগ

মেলান্দহে পূর্ব শত্রুতার জেরে বেগুন ক্ষেত নষ্টের অভিযোগ

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে পূর্ব শত্রুতার জেরে প্রায় ৫০ শতাংশ জমির বেগুনের চারা উপড়ে ফেলে ক্ষেত নষ্ট এবং সেচের মটর চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

Advertisement

ভুক্তভোগী কৃষক আলামিনের অভিযোগ, দক্ষিণ বালুরচর এলাকার শুক্কুর হাজীর ছেলে সোনাহারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার দিবাগত মধ্যরাতে সোনাহার ও তার পরিবারের লোকজন তার প্রায় ৫০ শতাংশ জমির বেগুনের চারা উপড়ে ফেলে নষ্ট করেন। একই সঙ্গে বেগুন ক্ষেতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত একটি মটর নিয়ে যান তারা।

আলামিন আরও অভিযোগ করেন, ক্ষেত নষ্ট ও মটর নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাকে মারধর করা হয়।
অভিযোগের বিষয়ে সোনাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement