Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:41 pm
জামালপুর

জামালপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক

জামালপুরে পরীক্ষার দিন মেধাবী স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক
সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে পরীক্ষার দিন এশামনি (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইব্রাহিম মাস্টারের মেয়ে এবং রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এশামনির দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরীক্ষা ছিল। সকালে তার বাবা কর্মস্থলে যাওয়ার আগে পরীক্ষার খরচের জন্য তাকে টাকা দিয়ে যান। পরে এশামনির মা রান্নার কাজ শেষ করে মেয়ের ঘরে গিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে নামিয়ে আনলেও তখন তিনি আর জীবিত ছিলেন না।
পরিবার জানায়, আগের দিন এশামনি অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশ নিয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, “এশামনি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
নারায়ণগঞ্জপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Advertisement