সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:
জামালপুর রেলওয়ে থানাধীন বাইগুনবাড়ি সুইজগেইট এলাকায় ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন ) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদে থাকা অবস্থায় অসাবধানতাবশত প্রায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিচে পড়ে যান। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পর ঘটনাস্থলে থাকা আনসার সদস্য, স্থানীয় লোকজন এবং ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




