মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যুবসমাজকে মাদকমুক্ত রাখা, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী ফুটবল খেলা উপভোগের আয়োজন, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় এবং বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকটের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ইসমত দোহা হিটলার, ট্রাস্টের সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিনসহ সেলিম, বদরুল ইসলাম অন্তর, রাজন, নয়ন, আসলাম, আকাশ, রবিন, রুবেল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট যে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




