জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন কেন্দুয়া কালীবাড়ি এলাকার হাসিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন জামালপুর সদর উপজেলার পশ্চিম কলতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তমিজ উদ্দিনের ছেলে।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। প্রথমে তাঁর পরিচয় পাওয়া না গেলেও পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পরিচয় শনাক্ত হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জামাল উদ্দিন নিঃসন্তান ছিলেন। তাঁর স্ত্রী মানসিক অসুস্থতায় ভুগছেন। বসতভিটা ছাড়া তাঁর কোনো জায়গা-জমি বা সম্পত্তি ছিল না। হাসিল নামের বিলে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি।
প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও মাছ ধরতে গিয়ে রেললাইনের পাশে জাল পেতে বসেছিলেন জামাল উদ্দিন।
তিনি কানে কম শুনতেন। এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


