নাইমুর রহমান, জাবিপ্রবি প্রতিনিধি।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবি প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. সাদীকুর রহমান এবং জাবিপ্রবির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা বিভাগ) ড. সৈয়দ নাজমুল হুদা। খেলায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদ।
জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।
পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। প্রীতি ম্যাচটিতে ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া সমর্থিত দলটি জয় লাভ করে৷ এ সময় ছাত্রদলের স্থানীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মাঝে সুস্থ ক্রীড়াচর্চা বজায় রাখতে এবং মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানকে স্মরণীয় করে রাখতেই এই ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামীতেও ক্যাম্পাসে এ ধরনের পজিটিভ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।




