মোহাম্মদ গোলাম মোস্তফা,স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এ জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ব্যবহার, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত নিয়ম-নীতি না মেনে সেবা দেওয়ার অভিযোগে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালানো হয়।
অভিযানকালে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি প্রমাণিত হওয়ায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এতে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।




