Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে পল্লী চিকিৎসকের মৃত্যু
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের একটি পাটক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। সাপের কামড় খাওয়ার পর তিনি দ্রুত বাড়িতে ফিরে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
পরিবারের লোকজন তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শফিকুল ইসলাম চান দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে গভীর শোক।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হন শফিকুল ইসলাম চান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পাটক্ষেত ও ঝোপঝাড়ে বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যায়। তাই এ সময় মাঠে কাজ করার ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
Advertisement