Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:23 pm
জামালপুর

মেলান্দহে জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মেলান্দহে জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি||

জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সজিব হাসানের (৩৮) বিরুদ্ধে জন্ম নিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

Advertisement

জন্ম নিবন্ধন সনদ নিতে গিয়ে সাধারণ মানুষ অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরকারি বিধি অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ প্রথমবার উত্তোলনে কোনো ফি নেই এবং পুনঃমুদ্রণে নির্ধারিত অল্প কিছু টাকা নেওয়ার নিয়ম থাকলেও স্থানীয়ভাবে অনেক জায়গায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে অনলাইন আবেদন, সংশোধন ও বয়স পরিবর্তনের কাজে অনিয়মিত অর্থ নেয়ার অভিযোগ বেশি।

জন্মনিবন্ধন সংশোধন করতে আসা আছাদ আকন্দ বলেন, আমি আমার ছেলের জন্মনিবন্ধন সংশোধন করতে এসেছিলাম। আমার থেকে পরিষদের উদ্যোক্তা ৩৫০ টাকা দাবি করেন। দর কষাকষি পর আমি কোন উপায় না পেয়ে ২০০ টাকা দিয়ে আসি।

উদ্যোক্তা সজীব বলেন, উপজেলা থেকে জন্ম নিবন্ধন ছাড়াতে আরো কিছু টাকা দিতে হবে।

ভুক্তভোগী সজীব খান বলেন, আমার জন্মনিবন্ধন সংশোধন করতে উদ্যোক্তা ৫oo টাকা নিয়েছে। তাও আবার তালবাহানার এক মাস পর জন্ম নিবন্ধন দিছে।

নপুর নামে এক মহিলা বলেন, কখনো সার্ভারে সমস্যা, কখনো কীবোর্ড কাজ করে না, কখনো কারেন্ট সমস্যা, উদ্যোক্তার কীবোর্ড টাকা ছাড়া কাজ করে না, অতিরিক্ত টাকা না দিলে পদে পদে ভোগান্তি। আমার ছেলে-মেয়ের জন্ম নিবন্ধন করতে ৪০০ টাকা নিয়েছে উদ্যোক্তা।

কয়েকজন ভুক্তভোগী জানান, ইউনিয়ন পরিষদে গেলে তাদেরকে বলা হয়—‘সিস্টেম চার্জ’ বা ‘অনলাইন খরচ’ নামে টাকা দিতে হবে। কেউ কেউ অতিরিক্ত টাকা না দিলে সনদ পেতে দেরি করানো হয় বলেও অভিযোগ করেন।

একজন অভিভাবক বলেন, “জন্ম নিবন্ধন করতে ৫০ টাকা দিতে হয়েছে। না দিলে নাকি কাজ হবে না বলে জানিয়ে দেয়। কিন্তু সরকারি নিয়ম তো ভিন্ন।
অভিযুক্ত উদ্যোক্তা সজিব হাসান অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক আশিকুর রহমান এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর বলেন, “জন্ম নিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement