Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:20 pm
ময়মনসিংহ বিভাগ

তারাকান্দায় পাচারের সময় ৭৮০ বস্তা সরকারি চাল জব্দ

তারাকান্দায় পাচারের সময় ৭৮০ বস্তা সরকারি চাল জব্দ

ময়মনসিংহের তারাকান্দায় পাচারের সময় ৭৮০ বস্তায় প্রায় ২৬ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারাকান্দার কলেজ রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন অভিযান চালিয়ে চাল ও অন্যান্য সরঞ্জামাদি জব্দসহ একজনকে আটক করেছেন।

জানা যায়, ফুলপুর উপজেলা থেকে ৩টি অটোরিকশা ভর্তি করে সরকারি চাল তারাকান্দায় নেওয়া হচ্ছিল। এ সূত্র ধরে তারাকান্দা বাজারের ধান-চাল ব্যবসায়ী হক মিয়ার কলেজ রোডের গুদামে অভিযান চালানো হয়।

Advertisement

এতে মজুত রাখা ৭৮০ বস্তায় ২৬ হাজার ৬৫০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। যার মধ্যে ২৮৬টি ৫০ কেজি, ৪৯৪টি ২৫ কেজি ওজনের বস্তা রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি ট্রলি, তিনটি অটোরিকশা, মাপার যন্ত্র, বস্তা সেলাইয়ের যন্ত্র ও সহস্রাধিক ৩০ কেজির সরকারি পাটের খালি বস্তা জব্দ এবং মিজান মিয়া (৩৮) নামে এক ট্রলিচালককে আটক করা হয়েছে।

এছাড়া প্রশাসন স্থানটিতে সরকারি চাল মজুতের পর বস্তা পরিবর্তন করে ২৫ কেজির জোড়া কবুতর মার্কা ও লাঙল মার্কায় ব্র্যান্ডিং করে বাজারজাত করার প্রমাণ পেয়েছেন।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসাইন জানান, রাতে অভিযান চালিয়ে গোডাউন থেকে প্রায় ২৬ টন সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল কিভাবে এসেছে এবং কারা এনেছে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement