Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

সমিতির টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জে অবস্থান কর্মসূচি

সমিতির টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জে অবস্থান কর্মসূচি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবিতে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে টাকা উদ্ধার সহায়ক কমিটি।

Advertisement

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বাইরে বের করে দিয়ে অফিস বন্ধ করে দেয় সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, গত দুই বছর ধরে উপজেলার ২৭ টি সমবায় সমিতির ৩২ হাজার গ্রাহকের হাজার হাজার কোটি টাকা ফেরত না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন তারা। টাকা না পেয়ে অনেক গ্রাহক অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

টাকা উদ্ধার সহায়ক কমিটির আহ্বানে হাজারো গ্রাহক মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল পৌনে ৫টায় সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আব্দুর রহিম সোনা মোল্লা ও মাহবুব আলম রতন।

কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, “টাকা না পেয়ে প্যারালাইজড ও ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গ্রাহক মৃত্যুর মুখে। ইউএনও অফিস অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। যদি প্রশাসন বাধা দেয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “গ্রাহকের টাকায় দুর্নীতি বা প্রতারণা মেনে নেওয়া হবে না। এভাবে মানুষকে ঠকিয়ে, পরিবারকে কষ্টে ফেলে কেউ পার পাবে না।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

Advertisement