Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

সোনালী ব্যাংক কর্মকর্তার নামে ভুয়া কৃষি ঋণ বিতরণ ও ঘুষ লেনদেনের অভিযোগ

সোনালী ব্যাংক কর্মকর্তার নামে ভুয়া কৃষি ঋণ বিতরণ ও ঘুষ লেনদেনের অভিযোগ

এহসানুল মাহবুব সাজীদ, দেওয়ানগঞ্জ ।।

জামালপুরের দেওয়ানগঞ্জে সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার মো. জাকির হোসাইনের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহার করে কৃষি ঋণ বিতরণ ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের নাম ও আত্মীয়স্বজনসহ বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া নথি তৈরি করে ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে কোটি টাকারও বেশি কৃষি ঋণ গ্রহণ করেন।

Advertisement

ব্যাংক সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা জাকির হোসাইন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগসাজশে কৃষি ঋণ বিতরণের নামে অনিয়ম করেন। তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে প্রকৃত কৃষক নন এমন ব্যক্তিদের নামে ঋণ অনুমোদন করান এবং একাংশ ঋণ নিজের কাছে রেখে বাকি টাকা অন্যদের দেন। এর বিনিময়ে অনেকের কাছ থেকে ঘুষও গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া কৃষি ঋণের নামে বিতরণ করা টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা। এসব ঋণের আবেদনকারীদের অনেকেই জমির মালিক নন, আবার কেউ কেউ এ বিষয়ে কোনো তথ্যই জানতেন না।

একাধিক ভুক্তভোগী বলেন, ব্যাংকের কর্মকর্তারা জমির নথি দেখতে চেয়েছিলেন, পরে দেখা যায় তাদের নামে ঋণ অনুমোদন হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন, ঋণ অনুমোদনের পর কর্মকর্তার কাছে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা জাকির হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অনিয়মের মাধ্যমে প্রকৃত কৃষকরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

Advertisement