বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেছেন, “আপনারা শুধু একবার পরীক্ষা করার জন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় দায়িত্ব দিন। আমরা আপনাদের দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফভিত্তিক দেশ উপহার দেবো।”
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা যুব জামায়াত নেতা কারিমুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, “জামায়াতের নেতারা দুর্নীতি করেন না— এটি ১/১১-এর দুর্নীতিবিরোধী অভিযানে প্রমাণিত। সে সময় প্রায় সব সাবেক মন্ত্রী-এমপি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন, কিন্তু নিজামী-মুজাহিদের মতো জামায়াতের নেতারা ছিলেন সম্পূর্ণ নির্দোষ।”
তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশই পারে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে। এ ক্ষেত্রে জামায়াত নেতৃত্ব দিতে সম্পূর্ণ সক্ষম।”
জুলাই আন্দোলনের চেতনা তুলে ধরে তিনি আরও বলেন, “ছাত্রজনতা জীবন ও রক্ত দিয়ে চাপাবাজ, দুর্নীতিবাজদের হটিয়ে দখলবাজ ও চাঁদাবাজদের ক্ষমতায় বসাতে চায়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”
উঠান বৈঠক শেষে শেখপাড়া গ্রামের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি গ্রাম কমিটি ঘোষণা করা হয়।




