Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

বেরোবিতে তিন বিভাগের সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার

বেরোবিতে তিন বিভাগের সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে মার্কেটিং বিভাগের আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই প্রশাসন জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয় বহিষ্কার ও তদন্তের।

Advertisement

বহিষ্কৃতরা সবাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তারা হলেন— সাফায়েত শুভ (ব্যাচ ১৬), শাহরিয়ার অপু (ব্যাচ ১৬), সজিব (ব্যাচ ১৬), সৌরভ (ব্যাচ ১৬), নাজমুজ সাকিব (ব্যাচ ১৬), রোহান সরকার রোহান (ব্যাচ ১৬), জিহাদ (ব্যাচ ১৬) এবং আশরাফুল (ব্যাচ ১৪)।

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনের ভিত্তিতে আরও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, ঘটনাটি ছিল ত্রিমুখী সংঘর্ষ, যেখানে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসরুমও ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা হয়েছে। সেখানে শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের কেন বহিষ্কার করা হলো?

শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, প্রাথমিকভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের অগ্রগতির আলোকে বহিষ্কারের সংখ্যা আরও বাড়তে পারে।

শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে উপাচার্য বলেন, জরুরি বৈঠক ডেকে আমরা তিন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

Advertisement