বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বকশীগঞ্জ কোহিনুর মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার আমীর মো. শফিকুল্লাহ বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াস হোসেন।
কর্মশালায় বক্তারা আসন্ন নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারা বলেন, “পোলিং এজেন্টরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দলের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই প্রতিটি এজেন্টকে দায়িত্বশীল, সচেতন ও সাহসী ভূমিকা রাখতে হবে। ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা প্রত্যেক এজেন্টের দায়িত্ব।”
প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী তার বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক। এই নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে ন্যায়, সত্য ও নীতির পক্ষে রায় দেবে। তাই প্রত্যেক পোলিং এজেন্টকে প্রশিক্ষিত, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে, একটি ভোটও যেন অন্যায়ভাবে নষ্ট না হয়। জনগণের আস্থা ও অধিকার রক্ষার জন্য মাঠে থাকতে হবে সংগঠিতভাবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের সমর্থনেই ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ, পোলিং এজেন্ট ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।




