বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন কৃষকদল নেতা রমজান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের যুবদল নেতা মফিজুর রহমান বিপ্লব পারিবারিক বিরোধের জের ধরে তার ভাতিজা ও ইউনিয়ন কৃষকদলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছেন।
তারা বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে যুবদল নেতা বিপ্লব একটি ভুয়া ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি তৈরি করে সেখানে রমজান আলীর নাম যুক্ত করেছেন, যাতে তাকে রাজনৈতিকভাবে হেয় করা যায় এবং সামাজিকভাবে হয়রানি করা সম্ভব হয়।
বক্তারা আরও বলেন, রমজান আলী বিএনপি পরিবারের সন্তান ও কৃষকদলের সক্রিয় কর্মী। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন— এ আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবদুল খালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম, যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া এবং ভুক্তভোগী কৃষকদল নেতা রমজান আলী।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




