মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়াল ঘরের গরু-ছাগলসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় এলাকার দরিদ্র কৃষক চটকুর বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, স্থানীয় শুক্কুর আলীর ছেলে মামুনুর রশীদ মামরুল (৩০), মতির ছেলে নাহিদ (২০), আ. সামাদের ছেলে ফারুক (৩০) ও আবুল হাসেমের ছেলে রফিকুল (৪২) পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটায়।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত কৃষক চটকু জানান, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মামরুল, নাহিদ, রফিকুল ও ফারুক রাত আনুমানিক ১২টার দিকে আমার গোয়াল ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমার নাতি আনন্দ বিষয়টি প্রত্যক্ষ করেছে। গরু, বাছুর, ছাগল ও গোয়াল ঘরসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের সহযোগিতা কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
একই পরিবারের শাহ আলম (৪৫) ও আনন্দ মিয়া (১৮) বলেন, “আগুন দেখে বাইরে এসে মামরুল, রফিকুল ও নাহিদকে দৌড়ে যেতে দেখেছি।”
এছাড়া প্রতিবেশী আবুল হোসেন, বিল্লেত আলী ও আইনল হক জানান, “আমরা দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সবকিছু ছাই হয়ে যায়। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে অবশিষ্ট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পক্ষ জানিয়েছে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছে। তখনো কয়েক জায়গায় আগুন জ্বলছিল, আমরা সেগুলো নিয়ন্ত্রণে আনি।”




