Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

জামালপুর ক্লিনিক মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ের আশাবাদী আশরাফুল

জামালপুর ক্লিনিক মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ের আশাবাদী আশরাফুল

সাইদুর রহমান, জামালপুর শহর প্রতিনিধি||

আসন্ন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শতভাগ বিজয়ের প্রত্যাশা করছেন সাবেক সাধারণ সম্পাদক ও হযরত শাহ জামাল (রহ.) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, আশরাফুল ইসলাম বুলবুল।

Advertisement

আগামী ৪ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার প্রাইভেট ক্লিনিক মালিকরা ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্ধারণ করবেন।

নির্বাচনী প্রচারণা জমে উঠেছে-

ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করছেন আশরাফুল ইসলাম বুলবুল। প্রতিটি বৈঠকেই তিনি তুলে ধরছেন তার পূর্ববর্তী কর্মকাণ্ড এবং নতুন নির্বাচনী ইশতেহার। ক্লিনিক মালিকদের কল্যাণ ও তাদের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।

একটি মতবিনিময় সভায় তিনি বলেন—“আমি বিগত কয়েক বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রাইভেট ক্লিনিক সমিতির যাত্রা শুরু হয়েছিল আমাদের উদ্যোগেই। আজ এই সংগঠনকে এ জায়গায় নিয়ে আসতে আমরা একসঙ্গে পরিশ্রম করেছি। আগামীতে যদি আমাকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন, তবে আমি মালিকদের স্বার্থরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখব।”

তার ঘোষিত ইশতেহারে উল্লেখযোগ্য অঙ্গীকারসমূহ হলো—

বিনামূল্যে সেবা: তার তিনটি প্রতিষ্ঠান— হযরত শাহ জামাল (রহ.) জেনারেল হাসপাতাল, বুলবুল জেনারেল হাসপাতাল ও দেওয়ানগঞ্জ ডিডিএফ জেনারেল হাসপাতাল—এ সকল প্রাইভেট ক্লিনিক মালিকদের জন্য বিনামূল্যে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা।

টাস্কফোর্স গঠন: মালিকদের যেকোনো বিপদ-আপদ বা জটিল পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সহায়তা প্রদানের জন্য একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করা হবে।

কল্যাণ ফান্ড: ভবিষ্যতে কোনো মালিক দুর্ঘটনা বা সমস্যার মুখে পড়লে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল তৈরি করা হবে।

আবাসনের ব্যবস্থা: উপজেলা পর্যায়ের প্রাইভেট ক্লিনিক মালিকরা জামালপুর শহরে আসলে রাত্রিযাপনের জন্য নির্দিষ্ট আবাসনের ব্যবস্থা করা হবে।

অফিস উদ্বোধন: মালিক সমিতির জন্য একটি স্থায়ী অফিস উদ্বোধন করা হবে, যেখানে যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া সম্ভব হবে।

তাৎক্ষণিক সাড়া: মালিকদের দাবি-দাওয়া ও চাহিদা পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মালিকদের আস্থা ও প্রতিক্রিয়া:

জেলার একাধিক প্রাইভেট ক্লিনিক মালিক জানিয়েছেন, আশরাফুল ইসলাম বুলবুল ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি একজন নিবেদিত প্রাণ সংগঠক। তার নেতৃত্বে মালিক সমিতি শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।

একজন মালিক বলেন— “আশরাফুল ইসলাম বুলবুল আমাদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তিনি সবসময় আমাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাই আমরা বিশ্বাস করি, তিনি আবারও জয়ী হবেন।”

আরেকজন বলেন— “তিনি শুধু প্রতিশ্রুতি দেননি, অতীতেও অনেক সমস্যার সমাধান করেছেন। তাই আমরা সবাই তাঁর বিজয়ের জন্য কাজ করছি।”

নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ

আগামী ৪ অক্টোবরের ভোটকে ঘিরে ইতোমধ্যে জামালপুর শহর ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বুলবুলের জয় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জেলার অধিকাংশ মালিকই তার প্রতি আস্থা প্রকাশ করেছেন।

সংগঠনের গুরুত্ব:

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতি স্থানীয় স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি এ সংগঠন ক্লিনিকগুলোর সুষ্ঠু পরিচালনা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মালিকদের ন্যায্য স্বার্থ রক্ষায় কাজ করছে। সংগঠনের নেতৃত্বে যিনি আসবেন, তিনি এ খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবেন বলে মনে করছেন অনেকে।

Advertisement