সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে । এ ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৬) এখনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।
নিহত মোর্শেদা ও নিখোঁজ শোভা ওই এলাকার আনসার আলীর স্ত্রী ও কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। খেলা শেষে মোর্শেদা ও তার মেয়ে বাড়ি ফেরার জন্য খেয়াঘাটে আসেন।
এ সময় মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে গেলে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোর্শেদা বেগমের মৃত্যু হয় এবং তার মেয়ে শোভা নিখোঁজ হন।
এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, “নিহত ও নিখোঁজ ছাড়াও আরও কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাবে।”




