Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

Advertisement

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। জাতীয় পার্টির অফিসের সামনে থাকা সাইনবোর্ড ভাঙচুর করা হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement