বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকায় দুই ব্যক্তির বসতবাড়ি থেকে সরকারি খাদ্য সহায়তার ১৬০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হোসনা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন।
স্থানীয়দের অভিযোগ, গোপনে এসব সরকারি চাল সংগ্রহ করে বাড়িতে মজুত করা হয়েছিল। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে বকশীগঞ্জ থানার হেফাজতে রাখে।
জানা যায়, ওই গ্রামের আজগর আলীর ছেলে আল আমীন ও আক্কাছ আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়িতে চালগুলো মজুত ছিল। অভিযানের সময় তাদের বাড়িতে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হোসনা বলেন, “জব্দ করা চালগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কাউকে আটক করা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিক মামলা হয়নি, তবে তদন্ত চলছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা ধারণা করছেন, এগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি বা টিসিবির খাদ্য সহায়তার চাল হতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন আরও তদন্ত শুরু করেছে।




