জামালপুর প্রতিনিধি||
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মেলান্দহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন রোধ ও সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
শনিবার (৯ আগস্ট) বিকালে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে দৈনিক ইত্তেফাক-এর মেলান্দহ সংবাদদাতা শাহজামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলা-এর প্রতিনিধি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ, মানবজমিন-এর প্রতিনিধি দিলরোবা ইয়াসমিন রুমা, ঢাকা পোস্ট-এর জেলা প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, বাংলাদেশ টুডে-এর প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং দৈনিক আমার দেশ-এর মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন প্রমুখ।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা একটি ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনা, যা কোনোভাবেই স্বাধীন ও গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, বরং মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার ওপর সুস্পষ্ট আঘাত।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।




