রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে জড়ো হয়ে প্রায় ঘণ্টা খানেক সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে নানা স্লোগান দেয়।
পরে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউন হল জুলাই চত্বরে গিয়ে পুনরায় বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা বলেন, সরকার আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। অবিলম্বে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে।
রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে ব্লকেড কর্মসূচিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেয়।




