মুক্তকাল ডেস্ক:
শেরপুর জেলা বিএনপির আওতাধীন ৯টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা শেষে দলটির জেলা পর্যায়ের ৪১ জন সদস্যদের মধ্যে ৩৯ নেতা উপস্থিত থেকে এ ঘোষণা দেন।
বিলুপ্ত হওয়া ইউনিটগুলোর মধ্যে জেলার পাঁচটি উপজেলা এবং চারটি শহর বিএনপির কমিটি রয়েছে।
সভায় দলীয় নেতারা বলেন, সাংগঠনিক অচলাবস্থা কাটিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে নতুনভাবে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় কোন্দল ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী ফাহিম চৌধুরী, আবু রায়হান রূপন, কামরুল হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।
বর্ধিত সভায় জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভা শেষে মধ্যরাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।




