মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে সহজ শর্তে ঋণ দেওয়ার নামে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে একটি ভুয়া এনজিও।
“সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা” নামের এই প্রতিষ্ঠানের কর্মীরা মাত্র ১১ হাজার টাকা জমা দিলেই এক লাখ টাকা ঋণ ও তা দুই বছরে পরিশোধ করার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে গা-ঢাকা দেয়।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ঋণ বিতরণের কথা থাকলেও দুপুরের পর থেকেই প্রতিষ্ঠানটির কর্মীদের আর খুঁজে পাওয়া যায়নি।
এ সময় প্রতারণার বিষয়টি টের পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। প্রতিষ্ঠানটির সঞ্চয় বইয়ে মিরপুর-২, ডি-ব্লকে প্রধান কার্যালয়ের উল্লেখ থাকলেও রেজিস্ট্রেশন নম্বর (৪৩৯/১৯৯০ ইং) যাচাই করে এর সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা জানান, গত দুইদিন ধরে এনজিওটির কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে ২০০ টাকায় সদস্য সংগ্রহ করে এবং ১১ হাজার টাকা জমা দিলে এক লাখ টাকার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কেউ কেউ ৩ থেকে ৬ লাখ টাকা ঋণের আশায় ৩০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত জমা দিয়েছেন।
ক্ষুদ্র জোনাইল এলাকার শিউলী বেগম জানান, “তারা সকালে ৩ লাখ টাকা ঋণ দেবে বলে ৩৩ হাজার টাকা নেয়। বালিজুড়ী বাজারের দোস্ত মার্কেটের ছাদে ঋণ বিতরণের কথা ছিল। কিন্তু বিকালে গিয়ে দেখি অফিস তালাবদ্ধ, কেউ নেই।”
একই এলাকার মিনা বেগম, শিপা আক্তার, লাকি বেগম, ইতি খাতুন, চায়না বেগম, তাহমিনা ও ফরিদা বেগমসহ অনেকেই একইভাবে প্রতারিত হয়েছেন বলে জানান।
মল্লিকা প্লাজার মালিক ইমান আলী জানান, সোমবার বিকালে কয়েকজন লোক আকিজ কোম্পানির অফিস ভাড়া নিতে চান বলে জানান। কিন্তু মঙ্গলবার বিকালে টাকা আত্মসাৎ করে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে এনজিওটির মোবাইলে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “এ ধরনের প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




