শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় গত ২০ জুন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বিশেষ করে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি নাগরিক সেবাগুলো ব্যাহত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার সাধারণ জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া বর্তমানে একটি ছাত্র হত্যা মামলায় পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে পরিষদের প্রশাসনিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে কোনো কার্যকরী উদ্যোগও গ্রহণ করা হচ্ছে না।
শ্রীবরদী পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, ইউনিয়ন পরিষদটি ২০২২ সালের জুন মাস থেকে চলতি ২০২৫ সালের জুন পর্যন্ত টানা তিন বছর ধরে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। এতে বর্তমানে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৮৬ টাকা।
এ বিষয়ে শ্রীবরদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সূর্য্য নারায়ণ ভৌমিক বলেন, “খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদকে মৌখিকভাবে বহুবার এবং সবশেষে লিখিতভাবে বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে গত ২০ জুন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিল পরিশোধ হলে সংযোগ পুনঃস্থাপন করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। তবে একটি ইউনিয়ন পরিষদে এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা অত্যন্ত অস্বাভাবিক এবং নাগরিক সেবার জন্য হুমকিস্বরূপ। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে ইউনিয়ন পরিষদের সব নাগরিক সেবা সচল করার জোর দাবি জানিয়েছেন।




