নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইটাচকি গ্রামে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে বিয়ের দাবিতে অনশন করা তরুণীকে অবশেষে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে নওপাড়া ইউনিয়নের ইটাচকি গ্রামে, প্রেমিক আলিম উদ্দিনের বাড়িতে। আলিম উদ্দিন মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং উভয় পরিবারের সহযোগিতায় আলোচনার মাধ্যমে ওই তরুণীকে বুঝিয়ে তার নিজ বাড়িতে পাঠানো হয়। তরুণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, “তরুণীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে বুঝিয়ে বাড়ি ফেরানো হয়েছে। আমরা তার পাশে আছি এবং তার নিরাপত্তা নিশ্চিত করছি। আলিম উদ্দিন বিদেশে থাকলেও তার সব তথ্য আমাদের ও মন্ত্রণালয়ের কাছে রয়েছে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার বলেন, “আলিম উদ্দিন মালয়েশিয়ায় অবস্থান করায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ এবং উভয় পরিবার মিলে তরুণীকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।”
আলিম উদ্দিনের বড় ভাই ইসলাম উদ্দিন বলেন, “আমার ভাই যদি তরুণীকে মেনে নেয়, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।”
স্থানীয়দের মাঝে এ ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।




