মুক্তকাল ডেস্ক ||
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঞাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোকন উদ্দিন ভূঞা (৬০) সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার একই এলাকার আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন রোববার বিকেলে বাড়ি থেকে অটোরিকশায় করে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছাতেই প্রতিপক্ষ একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫/৬ জন ধারাল অস্ত্র দিয়ে রোকনকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে প্রতিক্রিয়ায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবাদ মিছিল করেন।
তবে ঘটনার সাথে জরিতরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




