বৈষম্যহীন দেশ গড়তে হলে সব মানুষের রাজনৈতিক অধিকার আর ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, ভোট প্রয়োগেরও অধিকার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘আমরা বিএনপি পরিবারের’ মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন ছবির মাধ্যমে। কিন্তু গত ১৫ বছরের বিভিন্ন সময় ইচ্ছে থাকলেও তাদের অনেক সংবাদ প্রকাশ করতে দেওয়া হয়নি। তাদের রাজনৈতিক অধিকারসহ অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি বলেন, যারা দেশের ভালো চিন্তা করে, তাদের সবার উদ্দেশ্য এক। সবাই একটা দেশ চায়, যেখানে তার অর্থনৈতিক স্বাধীনতাসহ মৌলিক অধিকার থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা বিগত ১৫ বছর ক্ষমতা ধরে রেখেছিল, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল। অন্য দেশের উপস্থিতি তারা এই দেশে বাড়িয়ে দিয়েছিল।
জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, যতো দ্রুত দেশে নির্বাচন হবে, ততো দ্রুত দেশ সঙ্কট মুক্ত হবে।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি নিয়ে বিএনপি আগাচ্ছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, বিএনপি সেগুলোর জন্য অনেক আগে থেকেই বলছে। এর লক্ষ্য একটি, গণতান্ত্রিক দেশ গড়ে তোলা। যেখানে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক মুক্তি থাকবে।




