মানুষমাত্রই উদ্যোক্তা, শ্রমিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “মানুষ মাত্রই উদ্যোক্তা। তারা শ্রমিক নয়। শ্রমিক হওয়া হলো বিপথে চলে যাওয়া। মানুষের প্রকৃত পথ হলো নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিছু সৃষ্টি করা। অন্যের হুকুমে কাজ করা মানুষের প্রকৃত পথ নয়।”
তিনি আরও বলেন, “বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ এবং সৃজনশীলতাকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগানো উচিত।”
ড. ইউনূসের বক্তব্যে ব্যক্তি উদ্যোগ এবং সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়, যা উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে।
মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যতীত সাতটি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।
মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
মুক্তকাল/এসআর




