Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:22 pm
মুক্তদেশ

সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: পাটওয়ারী

সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:গুমসহ বিভিন্ন বিষয়ে সংসদে সমাধান না হওয়ায় সরকারই তাদের রাজপথে নামতে এবং লংমার্চ করতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisement

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গুমের বিষয়ে সংসদে সমাধান করা গেলে তাদের লংমার্চে নামতে হতো না। সরকারের পক্ষ থেকে সংসদে আলোচনা হলে রাজপথে কর্মসূচির প্রয়োজন কেন—এমন প্রশ্ন তোলা হলেও সংসদে সমস্যাগুলোর সমাধান না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি সরকার পড়তে বা বুঝতে না পারলে তা বোঝানোর জন্য তারা প্রস্তুত। এর আগে গুমের অভিযোগের বিষয়ে সংসদের সামনে কর্মসূচি পালন এবং কালো কাপড় বেঁধে ‘কালো দিবস’ পালনের কথাও উল্লেখ করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুমসংক্রান্ত আইন, সাইবার সিকিউরিটি আইন ও এসআরবি বিলুপ্তকরণসহ বিভিন্ন দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি তিস্তাপাড়ের মানুষের সমস্যার সমাধান এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিও রয়েছে।

তিনি আরও বলেন, যতদিন তারা জীবিত থাকবেন, ততদিন এসব দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। রাজনৈতিকভাবে কে সামনে আছেন বা কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তা বিবেচনা না করে দাবিগুলো আদায়ে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

শনিবার রংপুরের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভবিষ্যতে এ ধরনের মিছিল সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হবে। আন্দোলন দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চে গুম, মানবাধিকার, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন জোটের নেতারা।

Advertisement