আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের সময় কোহাত পুলিশ লাইন্স সংলগ্ন একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পর কয়েকজন সশস্ত্র হামলাকারী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করে এবং গুলি চালায়।
বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে মসজিদে থাকা মুসল্লি ও পুলিশ সদস্যরা হতাহত হন। হামলায় পুলিশ সদর দপ্তরের প্রধান প্রাচীর ও কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও নিকটস্থ সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, হামলায় জড়িত অবশিষ্ট সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে।




