এবার বদলে গেলো রাজধানীর পল্টনে অবস্থিত ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে’র নাম। আগের ‘ঢাকা স্টেডিয়াম’ নামেই করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের বয়স এখন ৭১ বছর। দীর্ঘ সময়ে স্টেডিয়ামটির নাম ‘ঢাকা স্টেডিয়াম’ থাকলেও ১৯৯৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্টেডিয়াম নাম বদলে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ করা হয়। এত দিন সেটিই ছিল। এখন আবার নাম আগের সেই ‘ঢাকা স্টেডিয়ামে’ হয়ে যাচ্ছে।
পাকিস্তান আমলে মূলত ক্রিকেটকে ভাবনায় রেখে স্টেডিয়ামটি নির্মিত হলেও স্বাধীন বাংলাদেশে সব ধরনের খেলাই হয়েছে এই স্টেডিয়ামে। দেশের ক্রিকেট-ফুটবলের ঐতিহাসিক সব ম্যাচের সাক্ষী যেমন হয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বকাপ, সাফের মতো বড় বড় ইভেন্টও হয়েছে এই স্টেডিয়ামে। ২০০৫ সাল থেকে ক্রিকেট চলে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ফুটবল, অ্যাথলেটিকসের জন্য নিবেদিত হলেও গত চার বছর স্টেডিয়ামটি খেলাশূন্য সংস্কার কাজের জন্য।
৩৬ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে মোট ১৭টি টেস্ট ও ৫৮টি ওয়ানডে হয়েছে। ২০০৩ সাফ গোল্ড কাপ, ২০০৯ ও ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ।
এদিকে, শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামই নয়, গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে।




