Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
মুক্তদেশ

চিকিৎসার খরচে প্রতিবছর গরিব হচ্ছে ৫০ লাখ মানুষ

চিকিৎসার খরচে প্রতিবছর গরিব হচ্ছে ৫০ লাখ মানুষ

চিকিৎসার খরচ সামলাতে গিয়ে প্রতিবছর দেশে প্রায় ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

রোববার (৪ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস (বিএসএনএস)-এর তিন দিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তী সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisement

ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘দেশে বেশির ভাগ মানুষ ঋণ নিয়ে চিকিৎসা করতে বাধ্য হন। অনেকে সেই ঋণ শোধ করতে গিয়ে জমিজমাও বিক্রি করে দেন।’

উপাচার্য বলেন, ‘স্বাস্থ্য খাতের খরচ সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা নিতে গিয়ে অনেকেই ঋণ এবং সুদের বোঝা বইছেন। তবু অনেকে প্রয়োজনীয় চিকিৎসা পান না। আবার দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ দিতে গিয়ে জীবনের অন্য মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হন।’

উন্নত দেশগুলোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ওই সব দেশে আধুনিক প্রযুক্তি থাকলেও রোগী কম। কিন্তু আমাদের দেশে রোগীর অভাব নেই, বরং সঠিক ব্যবস্থাপনা ও দক্ষতার ঘাটতি সমস্যা আরও বাড়িয়ে তুলেছে।’

সরকারকে কিছু প্রস্তাব দিয়ে ডা. শাহিনুল বলেন, ‘স্বাস্থ্য খাতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। জনস্বাস্থ্যের উন্নয়নে নতুন পরিকল্পনা নিতে হবে। জনসংখ্যা যেহেতু বাড়ছে, তাই চিকিৎসাসেবার মান ধরে রাখতে উন্নত অবকাঠামো ও সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার।’

জানা গেছে, বিএসএনএস আয়োজিত এই তিন দিনের সভায় বৈজ্ঞানিক সম্মেলন, লাইভ সার্জারি, থ্রিডি অ্যানাটমি সেশন এবং অ্যান্ডোভাস্কুলার সিমুলেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে নিউরোসার্জনরা চিকিৎসার আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.