বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছে।
ঐক্যের জন্য ঘোষিত এই কর্মসূচি ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে উত্তরের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা সকাল সাতটার মধ্যেই শহীদ মিনারে উপস্থিত হয়েছেন।
শিক্ষার্থীরাদের প্রত্যাশা- ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে। হঠাৎ করে এই ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কী হতে পারে—এসব বিষয় বুঝতে চাইছিল বিভিন্ন রাজনৈতিক দল।
ঘোষণাপত্রের পক্ষে–বিপক্ষে তর্কবিতর্কের পাশাপাশি বিষয়টি নিয়ে রাজনীতিতে একধরনের উত্তাপ তৈরি হয়।
এমন প্রেক্ষাপটে সোমবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সেখানে বলা হয়, আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।
মুক্তকাল/এসআর




