আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণহত্যার বিচারে কোনো ধরনের গাফিলতি করা হবে না।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক, তদন্ত কর্মকর্তা কিছুই ছিল না। শূন্য থেকে শুরু করতে হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। কিন্তু তড়িঘড়ি করে কোনো বিচার করা যাবে না।”
শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুম ও হত্যা বিষয়ক এক সংলাপে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “সকল সমস্যার মধ্যেও বিচারকাজ দ্রুতই এগিয়ে নেওয়া হচ্ছে। গণহত্যার বিচার এমনভাবে সম্পন্ন করা হবে যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। যৌক্তিকতা বজায় রেখে এবং প্রমাণের ভিত্তিতে এই বিচার হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি সমালোচনা করে বলেন, “হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা কীভাবে পালিয়ে গেলেন, তার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। তাদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হলো—গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে তার প্রধান দায়িত্ব হলো গণহত্যার বিচার নিশ্চিত করা।
মুক্তকাল/এসআর




